“কালীপদ দা”
✍ হিরণ্ময় সরকার
সেবার গরু কেনা হয়নি ! ‘ঘোড়ার হাট’ থেকে সন্ধ্যায় বাড়ী ফিরলাম। বাবার থমথমে মুখ দেখে মা কিছু জিজ্ঞেস করলো না।
যথারীতি বাড়িতে দুধের যোগান কমে গেল। পূজো-আর্চা, উপবাস, সিন্নতে দুধ কেনা হতে লাগলো।
এ-ভাবেই চলছিল…..
একদিন খুব ভোরে গরুর হাম্বা ডাকে ঘুম ভেঙ্গে গেল। মনে হলো; এ ডাক গোয়ালে বাঁধা কোন গরুর
ডাক নয়, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। মা এগিয়ে এসে হাসি মুখে বল্লো-‘তোর কালীপদ দা এনেছে। দেখে আয় কি নাদুস-নুদুস চেহারা। নামটাও আবার ভগবতী। দশ সের দুধ দেয়।’
কালীপদ দা, কালীপদ মন্ডল। আমাদের বাড়ীর পুরোনো কাজের মানুষ। আমরা দাদা বলে ডাকি।
কালীপদ দার কোলে-পিঠে উঠে আমরা ভাই-বোন-রা বড় হয়েছি।
আমি বল্লাম-‘কালীপদ দা তো অসুস্থ ছিল। ছুটি নিয়ে বাড়ী গিয়েছিল।’
মা বল্লো-‘এখন অনেকটা ভালো আছে। তবে কালীপদ-র সে শরীর আর নেই। ও-ই ওদের হাট থেকে এই গরু এনেছে।’
আবার বাড়ীতে খুশী-র জোয়ার ফিরে এলো।
নিত্য পূজো, ঘী, মাখন, ঘোল-র অভাব রইলো না।
সেবার বর্ষা যথা সময়-এ এলো। গ্রামের মানুষ হৈ হৈ করে চাষ শুরু করেছে। কালীপদ দা আবার ছুটি নিয়ে বাড়ী গেলো, বৌদি অসুস্থ।
পরদিন থেকে ভগবতী কাকে যেন খোঁজে। খোল-ভূষি খায় না। শুধু হাম্বা হাম্বা ডাকে আর চোখ দিয়ে জল পড়ে।
আস্তে আস্তে ভগবতী শীর্ণ হতে থাকলো।
দুধ-ও গেল কমে।
সেদিন সকাল থেকে মুষল ধারায় বৃষ্টি পড়ছে।
সেই সঙ্গে বজ্রপাত। মূহূর্মূহ বাজপড়ার শব্দ আর ভগবতীর হাম্বা ডাকে আমরা চমকে উঠছি।
…..এ ভাবেই রাত শেষ হলো।
পরদিন কাক-ডাকা ভোরে গনেশ এলো। গনেশ কালীপদদা-র বড় ছেলে। অবিন্যস্ত চেহারা, চোখের
কোণে কালি। এসেই বাবার পা ধরে হাউ-হাউ
করে কেঁদে উঠলো।
বল্লো-“দাদু, বাবা কাল দুপুর থেকে বিলে বড়
বড় দুই খারুই কই মাছ ধরেছে। তোমার কাছে একটা নিয়ে আসতো। সন্ধ্যায় যখন বাবা বাড়ী এলো, তখন বাবা কাঁপছে। মা গরম জলে স্নান করিয়ে,গরম ভাত খাইয়ে, কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে দিয়েছিল। তাও বাবার কাঁপুনি থামে নি। অত ঝড়-জল-র মধ্যে ডাক্তার ডাকতে পারিনি।…….ও দাদু গো আমার বাবা কাঁপতে কাঁপতে মরে গেল গো, ও বাবা বাবা গো…..আর ঐ ভগবতী আমাদের গোয়ালের গরু…..বাবার খুব ন্যাওটা…ও বাবা গো….
এতক্ষন আমরা সবাই কাঁদছিলাম। হঠাৎ করে সবার যেন একসঙ্গে সম্বিৎ ফিরলো । ভাই-বোন-রা দৌড়ালাম গোয়াল ঘরে। দেখলাম, সবগুলো গরু নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবতী শুয়ে আছে নীথর দেহে।
আবারও আমরা ডুকরে কেঁদে উঠলাম।
–~০০০XX০০০~–
![]()







