ভারতবর্ষ – ভিন্ন ভিন্ন উনুনে
মণিকা বড়ুয়া
ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রূপে
আমি কখনো মুগ্ধ
কখনো বিচলিত
কখনো নিরাশা
কখনো আশার কিরণ—
ভারতবর্ষ তিন ইঁটের গনগনে আঁচে
ভারতবর্ষ সেভেন স্টার ম্যানশনের অতিবৈদ্যুতিক কিচেনের নিচে—
ভারতবর্ষ বস্তির স্নান, জলপান
রাম তাড়ি
ঘুঁটে কয়লায় বহমান—
অন্য ভারতবর্ষ— স্কচ, হুইস্কি
ভদকা, হিরোইন
হীরে জহরৎ– এ গুজরান্
বেহেস্ত– পহ্ চান্—
ভারতবর্ষ মিড্ ডে মিল,নুন লঙ্কা পান্তা
অথবা চাইনিজ, বিরিয়ানী পিজা
মটন চপে দারুণ ভোজ
রসনা ভঞ্জনা।
ভারতবর্ষ কখনো অশ্রুআকুল বেদনা
ভারতবর্ষ কখনো হাস্যরসিক
নৃত্যভঙ্গী— স্বর্ণ- ললনা!
ভারতবর্ষ ছুটছে পুড়ছে জ্বলছে প্রেমে অপ্রেমে
সব ভূখণ্ড গলছে তাপে রাগে ঈর্ষায় বেদনায় তপশ্চর্যায়—-
তবু ষোড়োশোপচার অভিনন্দন
ষোলোকলা অভিবাদন
খুপড়ি ঘরে
ঘুপচি চরে
দিন গুজরান্—
মান অভিমান
নুনলঙ্কা ভাতে
চিরপহ্চান—
বোয়াল ইলিশ পান্তাতে—।
————————————-
![]()







