প্রবীণ
স্বপ্না নাথ
মন চলে আগে আগে,
পিছে পিছে পা,
বয়সের ভারে ভারি কথা শোনে না।
হাঁটুর বেদনা যেন সদা সঙ্কিত,
এই বুঝি ভূমি তলে হঠাৎ পতিত।
কালো চুল কলপেতে অস্থায়ী রূপ,
চর্মের কুঞ্চন থাকে না তো চুপ।
দন্ত পংক্তি তার নড়বড়ে সংসার,
শব্দের লুকোচুরি ফাঁকে ফাঁকে হাহাকার।
ব্যবহারে জীর্ণ শরীর, সময়, মন,
ভোগের ক্লান্তি তবু মানে না তো মহাজন।
সংসারে প্রয়োজন ক্রমশ বিলিয়মান,
বর্ণময় চায়না ধুসরে অবগাহন।
সন্নিকটে যত বিদায়ের শেষকাল,
অতীতের স্মৃতি ভার টেনে নেয় পলে পল।
তবু প্রাণ যতদিন আশা বাঁচে ততদিন,
বিশ্বের বিস্ময় মরিতে কে বা চায়!
—-oooXXooo—-
![]()






