অনুভবে তুমি, শুধুই তুমি…
অরবিন্দ নাহা
তোমার প্রথম স্পর্শে
যখন শিহরিত হলাম
তখন আমার বয়স
নয় কি দশ ।
তারও আগে–শৈশবে
বিমুগ্ধ আমি
তোমার শরীরী বিভঙ্গে,
তোমার কাছে পৌঁছোবার
একটি মাত্র পথের এপাড়ে
ব্যাকুল প্রত্যাশায়
কবে তুমি আমার জন্য
দরজা খুলে দেবে।
অনেকের মধ্য থেকে
আমাকে নির্বাচন,–
বিনিদ্র রজনী কাটে
তোমার সান্নিধ্য পাবার
আগের আগুন্তি রাত,
কি এক অজানা ভয়
বিস্ময় আর আবেগে
আমি পাগল !
বহু প্রতীক্ষিত
শীতল স্পর্শ তোমার
ললাটে আমার,-সেই প্রথম
তারপর বারবার।
কৈশোর থেকে যৌবন
তোমার ছায়ায়-তোমার মায়ায়
অজস্র অবগাহন।
তোমাকে ছেড়ে আসার মুহূর্তে
হৃদয়ে রক্তক্ষরণ
সে ক্ষরণ আজও অবিরত।
অনুভবে তুমি, অস্তিত্বে তুমি
আমৃত্যু বাঁধা তুমি স্মৃতির পিঞ্জরে।
তুমি আমার দ্বিতীয় জননী।
মনের নিভৃতে রাখা আনন্দ নিকেতন
সুভাষ নগর হাইস্কুল
“আমার শিক্ষায়তন”
**************
![]()







