নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, নিউজ ব্যুরো আমার আলো: শারদ উৎসবের পুণ্য তিথি মহাষ্টমীর সন্ধ্যায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো দিল্লির বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্ক (সিআর পার্ক)। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকার দুর্গাপূজা মণ্ডপে সরাসরি উপস্থিত হয়ে মা দুর্গার আরতি ও পূজাপাঠে অংশ নেন। ‘মিনি কলকাতা’ নামে পরিচিত সিআর পার্কের বাঙালি সমাজের প্রতি প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে এবারের দুর্গাপূজার অন্যতম প্রধান আকর্ষণ।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিআর পার্ক কালীবাড়ি ও সংলগ্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী মণ্ডপে পৌঁছলে ঢাক, উলুধ্বনি এবং জয় মা দুর্গা ধ্বনিতে তাঁকে বরণ করে নেন আপ্লুত বাঙালিরা। মা দুর্গার সামনে করজোড়ে প্রণাম করার পাশাপাশি তিনি নিষ্ঠার সঙ্গে আরতিতে অংশ নেন। আরতি শেষে পুরোহিত মশাই তাঁর কপালে তিলক পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, দেশের সাংস্কৃতিক প্রাণময়তা এবং ঐক্যের প্রতিচ্ছবি এই দুর্গাপূজা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজের ‘এক্স’ হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামে বাংলায় পোস্ট করে লেখেন, “আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্যে প্রার্থনা করেছি আমি।” তিনি এই সফরের কিছু ছবি ও ভিডিও সমাজমাধ্যমেও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তকমা পাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। এরপর মহাষ্টমীর রাতে তাঁর সিআর পার্কের পুজোয় অংশগ্রহণ বাঙালি সংস্কৃতির প্রতি তাঁর বিশেষ মনোযোগকেই তুলে ধরল বলে মনে করছে রাজনৈতিক মহল।
#নরেন্দ্রমোদি #চিত্তরঞ্জনপার্ক #দুর্গাপূজা২০২৫ #মহাষ্টমী #দিল্লিরদুর্গাপূজা #সিআরপার্ক #PMModi #বাঙালিসংস্কৃতি #ViralDurgaPuja
#NarendraModi #CRParkDurgaPuja #DurgaPuja2025 #MahaAshtami #PMModiInDelhi #ChittaranjanPark #ViralNews #IndianCulture #BengaliCommunity
![]()






