নামখানা, ২৯ জুলাই ২০২৫, সিনিয়র এডিটর হিরন ঘোষাল ছবি ও রিপোর্ট: আজ সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তা নিয়ে সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় নামখানা থানার উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মহৎ উদ্যোগে উজ্জ্বল উপস্থিতি ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। তাঁর পাশাপাশি নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থেকে কর্মসূচির সাফল্যমণ্ডিত করে তোলেন।
জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াইয়ে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এই ভাবনাকে সামনে রেখেই সুন্দরবন পুলিশ জেলা নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে নামখানা থানার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, “সুন্দরবন আমাদের গর্ব, এর পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।” নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসে।
উপস্থিত অতিথিরা চারা গাছ বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। এই উদ্যোগ একদিকে যেমন এলাকার সবুজায়ন বৃদ্ধিতে সাহায্য করবে, তেমনই স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
![]()






