20 জুলাই (রবিবার), হৃদয়পুর, সংবাদ আমার আলো: নবসোপানের ৩০ বছরের গৌরবময় পথচলা এবং বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৯৫ সালে পথচলা শুরু করে আজ ৩০ বছরে পদার্পণ করলো হৃদয়পুর নবসোপান। এই বিশেষ উপলক্ষ্যে সংস্থা এ বছর এক বিশাল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যা বারাসাত কলেজের প্রেক্ষাগৃহে অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল-এর সুপার ডঃ সুব্রত মণ্ডল, ডঃ সুমিত কুমার সাহা, ডঃ বিবর্তন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, এবং জেলা তথ্য আধিকারিক, তথ্য সংস্কৃতি দপ্তর, শ্রী প্রসেনজিৎ মণ্ডল। সমাজ সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ তরফদার ও স্বরূপ সেন চৌধুরী। সংস্থার সম্পাদিকা রত্না রায়ও এই অনুষ্ঠানে সকলের সাথে যোগ দেন।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় সমাজের বিভিন্ন স্তরের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। তাদের প্রবল আনন্দ ও উদ্দীপনা গোটা প্রেক্ষাগৃহকে এক ভিন্ন মাত্রার প্রাণবন্ত করে তোলে। সকল অংশগ্রহণকারীর সক্রিয় যোগদান এবং গুণীজনদের অকুণ্ঠ প্রশংসা এই অনুষ্ঠানের অভাবনীয় সাফল্যের ইঙ্গিত বহন করে।
গুণীজনদের প্রশংসা এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আগামী দিনে হৃদয়পুর নবসোপান-এর চলার পথে আরও শ্রীবৃদ্ধি ঘটাবে বলে সকলে প্রত্যাশা করছেন। এই সংস্থা আগামী দিনেও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই আশা করা যায়।
![]()







