কলকাতা, ১৮ই জুলাই, ২০২৫: রাজ্য সরকারের উদ্যোগে সপ্তাহব্যাপী বন মহোৎসব গত ১৪ই জুলাই শুরু হয়েছে। প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহ ‘বন মহোৎসব’ হিসেবে পালন করা হয়, যার মূল উদ্দেশ্য হলো বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা। এই বছরও কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহযোগিতায় আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো এই বিশেষ দিবস।
শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ বৃক্ষরোপণ অনুষ্ঠান। ক্লাব সদস্য ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে চারা গাছ বিতরন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, যাদের মধ্যে উপমুখ্য বনপাল শ্রী রামপ্রসাদ বাদানা এবং বনদপ্তরের নগর ও বনায়ন বিভাগের আধিকারিক শ্রী অনিন্দ্য গুহ ঠাকুরতা অন্যতম। রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারমেন প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। সুপারিনটেন্ডেন্ট আধিকারিক প্রবীর চ্যাটার্জী, প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক শ্রী কিংশুক প্রামাণিক সহ অন্যান্য সদস্যরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। নগরায়ণ ও শিল্পায়নের ফলে গাছ কেটে ফেলার প্রবণতা বাড়ছে, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে বন মহোৎসবের মতো উদ্যোগগুলি মানুষকে গাছ লাগাতে এবং পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে অত্যন্ত প্রয়োজনীয়।
উপস্থিত অতিথিরা প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং সবুজায়নের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, এই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি আগামীতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।
বন মহোৎসব শুধু একটি উৎসব নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার। এই ধরনের উদ্যোগগুলি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলার পথ প্রশস্ত করে।
![]()








