বসুধৈব কুটুম্বকম
দীননাথ চক্রবর্তী
বল দুর্গা মাই কি
আর কত- কত বার বলবো-জয়…
পরিবেশ যেন এক পূজা পরিক্রমা
বারে বারে আসে আর যায়
ষষ্ঠী -সপ্তমী- অষ্টমী– নবমী
তারপর দশমী- বিজয়া- বিসর্জন।
তেমনই তো সভা- সম্মেলন- কনভেনশন- সিম্পোজিয়াম,
ক’ ঘন্টা ক ‘দিন ক” সপ্তাহ
পাঁজির তিথির মতো কেবল আসে আর যায়
ধরে রাখি তাকে পুস্তিকায় স্মরণিকায়
ব্যাস… এইটুকুই…
বলো- দুর্গা মাইকি…
প্রতিমাকে বিসর্জন দিই জলে
বোধে অনুভবে নয়
আত্তীকরণ হয়না বলেই
বারে বারে আসে যায় প্রতিমা
বিসর্জন আর হয়ে ওঠে না বিজয়া।
বিজ্ঞানের কাছে প্রধান মানুষ
এখন আবার মানুষের মন
যুগটা তাই মনস্তাত্ত্বিক
যথারীতি অবহেলিত বিবেক।
এই মন বড় অদ্ভুত
বড় কুয়াশা ধোঁয়াশা
কি যে চায় আর কি যে চায় না
সুখ ভেবে জাপটে ধরে আলেয়া আকাশ
বিজ্ঞান সেটাই দেখে যেমন
পাথরের মধ্যে আগুন
আগুনের মধ্যেও তো থাকে কিছু
হয়তো দেখেও দেখে না তা বিজ্ঞান
হাল ধরে ব্যবসায়ের তরীর
তুলে দেয় পাল
প্রগতির বাতাস লাগে তাতে।
যন্ত্রণায় কত কেঁদেছে যে চুপিসারে সম্পর্ক
এখন কাঁদে হাউ হাউ
বুড়ো ভাম জ্ঞান-বিজ্ঞান
পাহাড়ে পাহাড়ে হরপা বান
শুষ্ক পচা খালেও ও কুমির।
অথচ দুর্গা পুজো মানেই তো
বসুধৈব কুটুম্বকম…
মিথ্যা শুধুই বলে চলি
দুগ্গা মাইকি- জয়।
—oooXXooo—
![]()







