পথের শেষ সাথী
শ্রী নীলকান্ত মণি
শেষে এসে দেখি—
পথ
শেষ হয়নি তখনো,
শুধু পথিক বদলেছে।
যে বসন্ত
একদিন পলাশ ফুল হয়ে
দিগন্ত জুড়ে আগুন জ্বেলেছিল,
সে আজ
শান্ত হয়ে বসে আছে
সময় নদীর কোল ঘেঁষে।
নদী বয়ে যায়—
কেউই থামায় না তাকে৷
কেউ তার কাছে
চায় না হিসেব।
তবু
জলের উপর
এক ছায়া ভেসে থাকে—
সে ছায়া
হয়তো কোনোদিন
আমাদেরই ছিল।
ঋতু বদলায়।
পাতা ঝরে।
পথ নীরব হয়ে যায়।
চৈত্র বিকেলে
হঠাৎ বাতাসে এক মৃদু গন্ধ
ভেসে আসে—
কোথাও কি ঝরছে ফুল।
তবে কি—
যা চলে গেছে
হারিয়ে যায় নি তার
সব কিছু।
সময়ের নদী
যা কিছু বয়ে নিয়ে যায়
মহাকাল
তা নীরবে রেখে দেয়
তার বিস্তীর্ণ বুকে।
আমরা
শুধু পথ হাঁটি।
পথ শেষে
যদি কিছু থাকে
তা এই—
একটি ঋতু,
একটি নদী,
একটি স্মৃতি,
আর
নীরব একটি সে
ফুলের প্রণতি।
তার নাম! —
বলতো কি?
হুঁ, ঠিক-ই শুনেছো৷
বকুল।
—oooXXooo—
![]()







