বসন্ত
কৌশিক গাঙ্গুলী
আমার বসন্ত আসে গ্যাসের লাইনে
আমার বসন্ত আসে S I R এর শুনানীতে ,
আমার বসন্ত আসে ইরান – ইসরাইল –
আমেরিকার জনবিধংসী যুদ্ধে ,
এত ধ্বংসের মধ্যে ,
মৃত্যুলীলার মধ্যে
আমাদের গায়ে বসন্ত বাতাস ,
রক্তাক্ত দেশগুলিতে দেখি
রঙ মাখা কান্নার উৎসব ।
আমি যুদ্ধ বুঝি না
তবুও হিংস্রতার আগুন
আমাকে পুড়িয়ে দেয় অনবরত ,
আমার বসন্ত খাবারের জোগাড়ের
চেষ্টায় দৌড় করায় প্রত্যহ ।
আমার প্রেমে বসন্ত এসে গেছে ,
আমার বেঁচে থাকায়
বসন্ত এসে গেছে ।
বসন্ত রোগ যেন না আসে
এই প্রার্থনায় মানুষ
ভগবানের নাম নেয় প্রতি রাতে ।
আমার বসন্তে চাহিদার
আগুন জ্বলে ও পোড়ায় ,
তাই আমার বসন্ত আসে
গ্যাসের লাইনে,
আমার বসন্ত আসে SIR এর শুনানীতে।
—-oooXXooo—-
![]()






