পোষ্য
দীননাথ চক্রবর্তী
সেদিন এক ঝড়ের রাতে
তোমার ভালোবাসার ঘরের দরজাটা রীতিমতো খুলে হাট…
যাকে দেখতে পাবো ভাবছিলাম… দুশ্চিন্তাও কম হয়নি
পাছে তার আঘাত লাগে ঝড়ে
সবটুকু দিয়ে যাকে পুষে ছিলাম আমরা
দেখতে পেলাম না সে পোষ্য সম্পর্ককে…
যদি ভয় পেয়ে লুকিয়ে থাকে কোথাও
তন্ন তন্ন করে খুঁজলাম
না…পেলাম না কোথাও…
পরিবর্তে বিছানায় যাদের দেখলাম সকলেই নতুন পোষ্য
একটা অবিশ্বাস
একটা সন্দেহ
অবশিষ্টটা খেয়ালিপনা
বেশ তো একজন কে বানিয়েছে মাথার বালিশ
অপরজনকে পা বালিশ
আর খেয়ালিপনা কে সঙ্গী
গুলিয়ে ওঠে গাটা
এতক্ষণ খেয়ালই করিনি
বিছানা জুড়ে কিলবিল করছে পোকা
নরকের পোকা…
সে রাতেই ফিরে গেলাম ঘরে
বিছানায় তখন দেখি
দিব্যি ঘুমোচ্ছে আমার পোষ্য… প্রেম ।
—oooXXooo—
![]()







