আলোকিত রজনী
স্বপ্না নাথ
কতদিন দেখিনি নৈশ নিসর্গ,
দেখিনি নক্ষত্র খচিত রাতের স্বর্গ।
আলো আর ধোঁয়াশায় হারিয়েছে ধিরে,
আকাশের পেট ভরা কুচি কুচি হীরে।
বাল্যের এই চোখে, কত রাতে থেকে থেকে,
সন্ধ্যায় ছাদে উঠে, মার কোলে মাথা রেখে,
গল্পের জাদুঘরে, মায়ার আবীর মেখে,
ধিরে ঘুম দু নয়নে, আকাশ গঙ্গা দেখে।
চিনেছি ক্রমে ক্রমে, কাল পুরুষ, ধ্রুবতারা,
সপ্তর্ষি, অরুন্ধুতি, বৃশ্চিকে নগ ভরা।
কচি আঁখি চিকমিক, কচি মনে বিস্ময়,
হারানো সময় হায়! তারা আজ কোথা রয়!
জোস্নার আলো নেই, গগনের ও পাঠ নেই,
পূর্ণিমা ঝাপসা, জোনাকিরা জ্বলে কই?
আলোকের ফুলঝুরি, নেই নেই কোনো দিশা,
দামিনীর বৈভবে, পথ খোঁজে অমানিশা!
নিকষ কাল রাত, জানালার বাইরে,
থমথমে রজনী, জুজু বুড়ি কইরে?
কোথা সেই ছেলেবেলা, কাল তো হয়েছে সারা,
ঝলমলে নিশিতে, নিশাচর পথহারা।
প্রকৃতির স্বরাজে, মানুষের খোদা গিরি,
দখলের জোরেতে বঞ্চিত অধিকারী।
মনে কেউ রাখি না, প্রাণীময় এ পৃথিবী,
সকল জীবের নিলয়, সবারই সমান দাবি।
—oooXXooo—
![]()







