একটা আকাশে একটাই ঘর
বাসুদেব চন্দ
একটুখানি ভালোবাসা আমার জন্যেও রেখো। কতটুকু হাত আমার, সামান্য কিছু দিতে কতটাই-বা খরচা হবে?
বাইপাসের ধারে ফেলে দেওয়া তোমার বইগুলো আদরে তুলে নিয়ে পড়েছি পুরোটা! প্রার্থনা করি- তোমার আরও হোক!
তোমার ফেলে দেওয়া পুতুল তুলে তিতুলের কান্না থামিয়েছি! তোমার ভাঙা আসবাব এনে গোপালের দোলনা বানিয়েছি! ওঁর কাছে তোমার মঙ্গল চেয়েছি!
তোমার ছেঁড়াফাটা জুতো পরে পথের ছেলেটা কতটা পথ হেঁটে নিল, তুমি যদি তা জানতে!
বাকি আছে শুধু ঘরখানা-
আমি তাই জেগে আছি- যদি তুমি ভুল করে কখনও একমুঠো ভালোবাসা ছুঁড়ে দাও ‘দুর ছাই’ বলে, আমি তারে তুলে নেব, একখানা ঘর নেব গড়ে!
একদিন দেখে নিয়ো!
কোনও এক সূর্য-প্রাতে অথবা দুর্যোগ রাতে তুমি আমার ঘরে আশ্রয় নিয়ো!
চশমাটা খুলে, মুখখানা তুলে দেখে নিয়ো – একটা আকাশ, একটা ঘর, একটাই জাতির একটা নারী আরেকটা নর!
—oooXXooo—
![]()







