পয়লা বৈশাখ
স্বপ্না নাথ
বসন্ত বিদায় দহন নিদাঘ বেলায়,
চৈত্র ঝরিয়ে পাতা মুখ তোলে নব কিশলয়,
প্রভাতের নবীন আলোয়।
বৃক্ষ মুকুলে সাজিয়ে অনাগত ফলন্ত বন,
ফেলে আসা বছরের,
কিছু তো ছিল রঙিন,
ছিল কিছু স্মরণীয় দিন।
যা কিছু বিদায় নেয়, স্মৃতি ভারে বেদনার ভার,
নব উৎসবে সাজে, নব নব কুসুম বাহার।
নতুন খাতায় খোলে, আগত মিলনের দ্বার।
উচাটন হাহাকারে, তবু মন পিছু ফেরে, সেদিনের বারতারে,
অকালে যে গেছে ঝরে, তার প্রতি অনাচারে!
আগুন কি নিভু নিভু? অন্তরে ধিকি ধিকি,
আজ নববর্ষ বরন, বিচার তো আছে বাকি!
জনমনে তাকে রাখি।
প্রতিবাদী মুখ আজ, মুখরিত রবি গানে,
‘রক্তকরবীর’ মত,প্রহসন দাগে প্রানে,
মানব মাতন তবু, আছে মাধবের সনে।
বিদায় বর্ষের যত রক্তক্ষরণ,
আজ যেন বেশি চায় মন,
ধুয়ে যাক মুছে যাক, হিংসা, হিংস্রতার যত প্রস্রবন।
হে নব বৈশাখ,
আজি হোক জনগণ পন,
অসুরের লয় হোক, অশুভের হোক অবসান,
আলোর হৃদয় হোক চির আয়ুষ্মান।
—oooXXooo—
![]()







