“যাবি নাকি ?”
✍ কাকলি ঘোষ
যাবি নাকি বন পলাশী
মাতাল হবি মহুয়া ফুলে ?
বাজবে সাথে ধামসা মাদল
পা মেলাবি আদিম তালে।
ভিজবি নাকি চাঁদনী রাতে
বিভোর হয়ে নদীর কূলে ?
শাল পলাশের নিবিড় বনে
সভ্য জগৎ বেবাক ভুলে।
আনমনেতে দেখিস চেয়ে
দিগন্তে ওই দু চোখ তুলে
নিকষ আঁধার পেরিয়ে সেথায়
লক্ষ কুঁচি মানিক জ্বলে।
চল হয়ে যাই আগের মত
তেমনি বুনো , বেপরোয়া
মুখোশ গুলো উড়িয়ে দিয়ে
লাগুক প্রাণে দমকা হাওয়া।
বাঁধন গুলো যাক ছিঁড়ে যাক
নিয়ম কানুন হোক না শিথিল
খুব কি বেশি ক্ষতি তাতে
একটু যদি কম হই জটিল।
–~০০০XX০০০~–
![]()







