“জীবন্ত কবিতা”
কৌশিক গাঙ্গুলী
আগুন ছুঁতে গেলে হাত তো পুড়বেই,
তবুও ধুনি জ্বালাতে হবে
ধোঁয়ায় ধোঁয়ায় মুখরিত কফি হাউস,
টেবিলে টেবিলে
নতুন নতুন গল্প কিংবা
ব্যাঁকাট্যারা হাতের লেখায়
নতুন সৃষ্টি, যেন কবিতা,
ভালোবাসার ব্যাকরণ জানিনা,
ভাষার ব্যাকরণ শিখবো কি করে?
তাই কলমের অক্ষরে প্রেমের অথবা
প্রতিবাদের ছবি আঁকি সাদা পৃষ্ঠায়।
প্রতিটি জন্মদিনের মতন
মৃত্যুদিন কাছে আসে,
সব নিয়েই কেমন যেন
উৎসব উৎসব ভাব,
যেন টপ্পা বা ঠুংরী ধরেছেন
দূরের কোন সাধক গায়ক,
আমি জ্বলন্ত হাত নিয়ে
লিখে চলেছি
সেই সব কথা
যা নিয়ে ভাবিনি কখনো,
তা লিখে ফেলি সাদা পাতায়,
তারপর মহানুভব ভঙ্গিতে তাকিয়ে
থাকি সদ্যোজাত সন্তানের দিকে,
কেমন যেন সস্নেহ অথবা ফিচেল হাসি
লেগে থাকে মনে আর ঠোঁটের ডগায়,
আমি যে কবি, আমি যে জীবন্ত কবিতা,
যার লাশের পাশে একটা কলম পড়ে থাকে।
—oooXXooo—
![]()







