বছর ফুরান
✍ অনিমেষ চ্যাটার্জী
***********
স্মৃতির রেখায় দাগানো পাতারা
খসে পড়ছে একটা একটা করে।
বারো মেসে গাছটা শুকনো ডালপালায়
বেলা শেষের রোদ জড়িয়ে
একান্তে শীত ঘুমে বিভোর।
খামখেয়ালী সময় নদীর প্রহর
বর্তমানের আঁকে বাঁকে
সুখ দুঃখ হাসি কান্নার ঘাট পেরিয়ে
পাড়ি দেয় অতীতের গর্ভ থেকে
ভবিষ্যতের মোহনায়।
শতেক বীগত মুহূর্ত
হারানো তারাদের ছুঁয়ে যায়
দিগন্তের বুকে সন্ধ্যে মাখে আকাশ।
খানিক অলস অবকাশ,
নীরব রাতের কোলে চুপিসাড়ে
ক্যালেন্ডার পাল্টায় উত্তরে হাওয়া,
হঠাৎ চমকে যাওয়া
পলকটা ঘড়ির কাঁটায়,
সীমারেখা পার হয়ে বছর ফুরায়।
আমাদের হিসাবের দাগ টানা একটা বছর,
এই ছিল এই নেই, দৃষ্টির অগোচর।
ফেলে আসা আঁধার কাটিয়ে
জ্বলে আগামীর আশার আলো,
নতুন শপথের অঙ্গিকারে
খুশি মাখে মরশুমি ফুল,
বর্ষবরণের নির্ঘণ্ট নির্ভুল।
–~০০০XX০০০~–
![]()







