জীবনের জয়গান
বারিত বরণ
ঝড় এসেছিল — শরীরে নয় মনে,
ভেঙে দিয়েছিল শান্তির নীড়।
অন্ধকারটা এতই ঘন ছিল,
নিজের ছায়াটাও হারিয়ে গেলো।
মনে নেই কোনো অভিযোগ
আছে শুধুই কৃতজ্ঞতা
প্রতিটি আঘাতই শক্ত করে,
ব্যাথাও এক ধরনের অভিজ্ঞতা।
আজও শরীরে ক্ষতচিহ্নের দাগ,
হৃদয়ে জমে পুঁজ রক্ত গলা ।
তবুও বুকে আগুন জ্বলে
এবার যে ফিরে আসার পালা।
স্বপ্নভাঙা ইটের উপর দাঁড়িয়ে,
ধুলো মুছে, চোখের জল গিলে,
একটা ছোট্ট শিখা বলেছিল—
না, শেষ হয়নি, ওঠ সব ফেলে!
যে আঘাতে মানুষ পড়ে যায়,
উপহাসের পাত্র হয় বটে।
যদি সাহস খুঁজে নিতে শেখো,
তবেই তো জীবন জেগে ওঠে।
আবার আমি উঠে দাঁড়াই,
প্রতিটি ক্ষতের মধ্যেও প্রাণ।
রক্ত ভেজা পায়ে হেসে হাঁটি,
অন্ধকার গহ্বরে আলোর সন্ধান।
এ শুধু আমার গল্প নয়,
এই ফিরে আসা,উঠে দাঁড়ানো।
প্রতিটি নিঃশ্বাসের মধ্যে লড়াই,
জলভরা চোখে আশা জাগানো।
তাই শুধু ভেঙে যাওয়া নয়,
রাতের শেষে ব্যর্থতার অবসান
নতুন পথের দিশা নিয়ে
নতুন ভোরে জীবনের জয়গান।
—oooXXooo—
![]()







