দ্রোহের বর্ষপূর্তি
সুমান কুণ্ডু
তাঁর চলে যাওয়ার বয়স
আজ একবছর।
বর্ষপূর্তিতে স্মরণসভা হয়তো হবে
তবে তা ভিন্নরূপে।
মানুষ ভোলেনি আগস্ট ৯-এর
সেই ভয়াবহ দিন-রাতের আর্তনাদ।
আজ দ্রোহকালেরও নিয়মভঙ্গ।
মানবে না কোন আইন রাজ্যের মানুষ
তাঁর অদম্য জেদ নিয়ে লড়া বাবা-মা।
ব্যারিকেড ভাঙার ইতিহাস
আজ আবার নির্মমভাবে রচিত হবে।
তাঁর বিরুদ্ধে আজও চলছে অবিচার
বিচারহীন বছরেরও আজ সংক্রান্তি,
মর্মান্তিক সেই পরিণতির সাক্ষী
গোটা বাংলা, ভারতবর্ষ এবং পৃথিবী।
সে চলে গেছে, ফেলে গেছে তাঁর কর্মছাপ
যা নিয়ে পরবর্তী প্রজন্মের সমাজসেবকরা
অসীম ভয়ে কাটাবেন তাঁদের ভবিষ্যত
ভুলবেন না তাঁদের বিপরীতে ঘটা অযুত অন্যায়।
ভুলতে দেবেন না আগামীর বিদ্রোহী-বিদ্রোহিনীকে।
হে ধর্মাবতার! ন্যায়ের পথ তো আপনাকে
দেখাতেই হবে। আজ অথবা কাল?
হে মহামতি! এ আগুন জ্বলবে
যতদিন তোমার জলকামানের জল
তুমি ভরতে থাকবে। ততদিন।
তোমার গড়ে তোলা লৌহকপাট
যেদিন জং ধরে ঝরে পড়বে
সেদিনের ভয়ানক পরিণতির জন্য
তৈরী থেকো, তৈরী রেখো তোমার সভাসদ।
—oooXXooo—
![]()







