স্বাধীনতা
অরবিন্দ নাহা
যে ছেলেটি সারাটি দিন
চায়ের কাপের ময়লা তোলে
স্বাধীনতা তার কাছে তো
স্বপ্ন-বিলাস
সবাই জানে ।
বেকার যখন সকাল-সন্ধে
মাতাল হয়ে যায় হারিয়ে,
স্বাধীনতাই যায় হারিয়ে
যখন ফেরে
জাগরণে।
যে মেয়েটি শরীর বেঁচে
মধ্যরাতে বাড়ি ফেরে
স্বাধীনতা তার জীবনে
নোংরা পাড়ায়
গুমড়ে কাঁদে।
বন্যা কিম্বা খরার তাপে
সব হারিয়ে, সবাই মিলে ……
ভাতের সাথে বিষ মিশিয়ে খায়,
…..স্বাধীনতা ফিরিয়ে দিয়ে
নতুন করে আবার বাঁচতে চায়।
দুধের জন্য কেঁদে ওঠে
যে শিশুটি প্ল্যাটফর্মে জন্মে,
স্বাধীনতায় স্বপ্ন দেখে
কাঁদবেনা কেউ আগামীতে,
তার বিছানায় শুয়ে।
—oooXXooo—
![]()







