যাত্রা চলাকালীন বারাসাতের চাঁপাডালি মোড় এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটি শ্রমিক সংগঠনের অফিসের সামনে থেকে বিজেপি-বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই দু’পক্ষের কর্মীরা একে অপরের দিকে তেড়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের মিছিলে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়েছে। অন্যদিকে, তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীরা পাল্টা জলের বোতল ছুড়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের দিকে দোষারোপ করেছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির উস্কানিমূলক কর্মসূচি বলে দাবি করেছে।
এই যাত্রায় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, রাজ্যে কন্যা সুরক্ষা নিশ্চিত করতে সরকার ব্যর্থ। এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
![]()







