প্রতিক্রিয়া
স্বপ্না নাথ
আঘাত দিলে আঘাত পাবে,
কষ্ট দিলে কষ্ট,
চোখের জলের দাম দিতে হয়,
বিধির বিধান নির্দিষ্ট।
প্রয়োজনে মাৎস্যন্যায়,
অপ্রয়োজনে হনন হয়,
প্রতিহিংসার বলি নিলে,
আপন স্কন্ধে তা বর্তায়।
লোভ, লালসার অনুশীলনে,
পাপের পথ শুধুই টানে,
উজান বেয়ে চলতে শেখা,
মনের ক্রম উর্ধ্বপানে।
জীবনটা তো পদ্ম পাতায়,
অনিশ্চিত, টাল মাটাল,
তবে কেন অশুভ সাধন?
তিমিরে ভরি এইটুকু পল?
সর্বকর্ম ফলদায়ক,
কালোয় কালো, আলোয় প্রভা,
“যেমন কর্ম তেমনি ফল”,
সু কর্মতে পরম বিভা।
ভালোবাসার অবগাহনে,
হৃদয় কুসুম প্রস্ফুটিত,
সেই প্রসুনে আত্ম পূজায়,
উপলব্ধি প্রশ্নাতীত।
কালাবর্তে সবই লয়,
নব নব রূপে জন্ম হয়,
মহাচক্র আবহমান,
প্রতিনিয়ত ব্রহ্মাণ্ড ময়।
—oooXXooo—
![]()







