অনভিপ্রেত
শ্যামাপ্রসাদ সরকার
মুহূর্তবদলের কোলাহল ছেড়ে
বেছে নিয়েছি একান্তের নির্জনতা
দুপুরবেলার রোদমাখা ছাদ,
এখন বিকেলের একপশলা আলস্যের মত
আশ্রমিকের একাকী মৃদঙ্গের তাল হয়ে থেমে গেছে।
কথা ছিল রাতমোহনায় এসে
একবার দেখা করবে অযথাই
চঞ্চল করতল ধারণ করবে হাতের মধ্যে
আর নির্নিমেষে কেটে যাবে হাজার বছরের বিরহ।
তারপর এইট-বি স্ট্যান্ডে এসে চা খাব দুজনে
মনে মনে হিংসে করব চা’এর ভাঁড়টিকে
যে অবলীলায় স্পর্শ করেছে তোমার ওষ্ঠ।
সব হিসেব নিজের মত করে উল্টে দিয়েছ বলে,
মসৃণ গ্রীবার বিপরীতে ঈগলের পা’এর ছাপ
আজকাল আঁচড়ে দেয় তোমার গমনপথের নিশান
তাই ভোরের পলাশফুলে লেগে থাকে রক্তিম দাগ।
আজ রাঢ়ভূমি যতটা তোমার নিজের চৌহদ্দি
ততটাই গোপন বিরহদের শেষ আস্তানা
ওখানে লাল মাটির ধূলো উড়ে ঢেকে দেয়
অজস্র অকথিত প্রেমের আখরকাহিনি।
—oooXXooo—
![]()







