দুর্গা দুর্গতি নাশিনী
অরবিন্দ নাহা
এবার কেন এত আগেই এলে মাগো,
বাবার সাথে আবার বুঝি ঝগড়া করেছো ?
কোলে তোমার কে ওটা,কার্তিক নাকি মাগো ?
লক্ষ্মী–সরস্বতী–গণেশ কোথায় ?
ওদের দেখছি নাতো !
বাবা কি এখনো নেশার ঘোরে ?
তুমি বিনা বাকিরা সব কান্নাকাটি করছে ?
দেবতারাও ভয় জড়োসড়ো ?
বাবার নেশা কাটলে পড়ে
আবার কি তবে মহাতান্ডব হবে ?
প্যান্ডেল এখনো হয়নি তৈরি
কোথায় তুমি থাকবে ?
আকাশ দেখ,এখনো ভাসেনি পেঁজা তুলোর দল।
রাগ করোনা মাগো,-বাড়ি ফিরে যাও
তোমায় আমি খবর দিলে তখন এসো সদলবল।
প্রকৃতি এখনও সাজেনি মাগো —
শুধু কয়েক গোছা “কাশফুল”
এত তাড়াতাড়ি এসে তুমি, করেছো মহা ভুল।
কি বললে?- পুজো নিতে আসোনি তুমি !
এসেছো পাপীর বিনাশ করতে ! ?
কে পাপী মা , কাদের কথা বলছো ?
–“যারা আমার সন্তানদের মিথ্যে বলছে,
গরিবের ভিটে-মাটি কেড়ে নিয়ে
দেশটা বিক্রি করছে, তাদের শাস্তি দিতে
আজ, আমি এসেছি ছদ্মবেশে নিজে।”
—oooXXooo—

![]()







