অজান্তে
– কৌশিক গাঙ্গুলী
হয়তো একদিন আর আমার মধ্যে
তুষে চাপা আগুনটা
আর ধক ধক করে জ্বলবে না,
আমি আর লিখবো না সময়ের কবিতা,
সাদাকে সাদা আর কালোকে
কালো বলার স্পর্ধা চলে যাবে,
অনেকের কাছ থেকে অনেক দূরে,
শুধু মিথ্যার শব্দজাল ও কল্পনার
কুহকিনি মায়া গ্রাস করবে
বিনোদনের মুখোশে।
আমরা সবেতেই ফুর্তি খুঁজবো,
মুগ্ধ নয়নে দেখব একে অপরের
সাজ পোশাক,
প্রশংসা এবং পিঠ চাপড়ানো
যেন বিনিময় প্রথার এপিঠ আর ওপিঠ।
কবিতার বই উদ্বোধন করবে ফিল্মস্টার
কিংবা নৃত্যশিল্পী,
গানের অনুষ্ঠানের প্রধান অতিথি
হবে কোন বিধায়ক।
তারপর হয়তো একদিন
আমরা ভুলে যাব নিজের অস্তিত্বকে-
এক একটা লোভী বিড়ালের মতন
জিভ দিয়ে চেটে নেবো
যত বাকি থাকা বাসনা,
আমরা ভেতর থেকে
শেষ হয়ে যাব অজান্তে।
—oooXXooo—

![]()







