প্রবাদে প্রবাদে ছড়া
প্রেমাঙ্কুর মালাকার
“অতি বাড় বেড়ো নাকো” প্রবাদেই বলে ;
“বিষময় ফল তার”, অচিরেই ফলে!
“দিন আনে দিন খায়”, গরিবেরা রোজ;
“কব্জি ডুবিয়ে খায়”, শ্রাদ্ধের ভোজ!
“পপাত ধরণী তল”, পিছলিয়ে পদ ;
“খুব বেশী কেরামতি”, দেখাতে বিপদ!
“এক কান কাটা ঢাকে”, কান চুপি চুপি;
“দুই কান কাটা” ভুলে,পরে নাতো টুপি।
“শাক দিয়ে মাছ ঢেকে”, যায় না তো রাখা;
“মিথ্যের জালে” যায়, সত্যকে ঢাকা?
“ডুবে ডুবে জল খাস?” সব কিরে কানা?
“ভাজা মাছ উল্টিয়ে”, খেতে নেই জানা!
“আকচা-আকচি” কতো, “আদা- কাঁচ কলা”;
“সাপ-মুখে চুমু খায়”, “ব্যাঙে ধরে গলা”!
প্রবাদে “ঘোড়ার ডিম”, “শূন্যে প্রাসাদ”;
“হিম শিম খেতে” বলো, কার জাগে সাধ?
—oooXXooo—
![]()







