অন্তিম নিশীথ
দিলীপ কুমার চৌধুরী
মনে করো —
আজ পৃথিবীর শেষ দিন।
সূর্য অস্তমিত হবার সাথে সাথে ঘটবে এক মহাবিস্ফোরণ।
আমি নিশ্চিত —
সব রাগ, অভিমান ভুলে তুমি ছুটে আসবে আমার কাছে,
ঘনিষ্ঠ হবে অন্তিম নিবিড় -আলিঙ্গনে— গভীর নিঃশব্দে।
ভয় পাবে, ঠোঁটে ঠোঁট রাখবে
তীব্র হবে তোমার শীৎকার।
আমার সমস্ত সহ্যশক্তি কেড়ে নেবে।
আমি নিশ্চিত —
ছল-চাতুরী ভুলে গিয়ে
রাজসিংহাসন ছেড়ে পথে নেমে আসবে রাষ্ট্রনায়কেরা।
এমনকি ইরান-ইজরায়েলের সৈনিকরাও—-
আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলবে— “সমাপ্ত হোক যুদ্ধ!”
বন্ধ হোক, শিশু মৃত্যু।
আমাদের দেশের
গেরুয়া, নীল, লাল ক্ষমতা লোভীরা বলবে—
“চলো, এবার একসাথে মৃত্যুর প্রতীক্ষায় থাকি।”
আমি নিশ্চিত —
সব ধর্ম এক কণ্ঠে স্বীকার করবে—
অকারণ মৃত্যুর দায় আমাদেরই।
আমি নিশ্চিত —
সব দেশ, সব মহাদেশ এক আকাশের দিকে চেয়ে
অপেক্ষা করবে শেষ মুহূর্তের।
বহুতল অট্টালিকা, মন্দির, মসজিদ, কুঁড়েঘর—
সব মিলেমিশে যাবে এক সমাধির ছায়ায়।
যা হবার তা হোক —
চলো, আমরা দাঁড়াই খোলা আকাশের নিচে,
ঠিক যেখানে আকাশটা ভেঙে পড়বে বিকট বিস্ফোরণে–
হবে পৃথিবীর অন্তিম নিশীথ।
সমস্ত সংবিধানকে উপেক্ষা করে আমাদের ভালোবাসা উজাড় করে দেই—
অমলিন, অভুক্ত, শেষ মিলনের সম্ভোগে।
—oooXXooo—
![]()







