মৃত্যুঞ্জয়ী বাসনা!
ড. মদনচন্দ্র করণ
মৃত্যু আসবে, হয়তো আর ক’টা দিনের তরে,
তবু হৃদয় জুড়ে বাজে বেঁচে থাকার গান।
এই মাটি, শস্যের সোনালি ঢেউ,
ঝিলের জলে ভাসা পানকৌড়ির ডানা,
সব ছেড়ে যেতে হবে?
নদীর ঢেউ, কাশবনের দোল,
বকুলতলায় সন্ধ্যার আলো-আঁধারি,
দোয়েলের ডাক, শালিকের নাচ,
সব ছেড়ে যেতে হবে?
পুত্র-কন্যার স্নেহমাখা হাত,
নাতিপোতার হাসির কলরোল,
প্রিয়তমার আঁচলে লুকানো বসন্তের ঘ্রাণ,
যৌবনের দুরন্ত উচ্ছ্বাস—
এসব ছেড়ে কী করে যাবো?
তবু তো যেতে হবে, সময়ের নিয়মে,
তবু মন পড়ে থাকবে নদীর ঘাটে,
বটবৃক্ষের ছায়ায়, শিশিরের কণায়,
যে সুরে, যে চুম্বনে, যে প্রেমে
জীবন বাঁধা ছিল অনন্ত মোহে।
তাই চাই—
আমার ভালোবাসা, আমার কবিতা বেঁচে থাকুক,
পাখির গানে, জোছনার সুধায়,
বাতাসের মৃদু ছোঁয়ায়, মাতৃভাষার সুরে,
মরেও যেন থেকে যাই—
ভালোবাসার আঁচলে আঁচলে।
—oooXXooo—
![]()







