২৩ শে অক্টোবর ২০২৫, বারাসাত, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল: ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা মানেই ভাই-বোনের আত্মিক ভালোবাসার চিরন্তন উৎসব। এই দিনটিতে প্রতিটি বাড়িতেই উৎসবের আমেজ। ঠিক সেই আবহেই, আজ বারাসাতের ‘পরিবর্তন চারিটেবল ট্রাস্ট’ এক অসাধারণ উদ্যোগ নিয়েছিল— ‘গণ ভাইফোঁটা’।
অসহায় এবং সুবিধা-বঞ্চিত ভাই-বোনেদের এক ছাদের নিচে এনে এই ঐতিহ্যবাহী উৎসবকে এক নতুন মাত্রা দিল ট্রাস্টটি। অসীম পালের মতো উদ্যোগী সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাই-বোন যোগ দেন।



ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের গণ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা এবং যারা পারিবারিক বা আর্থিক কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন, তাঁদের মুখে হাসি ফোটানো। ফোঁটা দেওয়ার পাশাপাশি ভাই-বোনেদের মধ্যে চলে মিষ্টিমুখ পর্ব, উপহার দেওয়া-নেওয়া এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও ‘পরিবর্তন চারিটেবল ট্রাস্ট’ সারা বছর ধরেই এই ধরনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজকর্ম করে থাকে।
এই উদ্যোগ সমাজের সকল স্তরে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “পরিবর্তন চারিটেবল ট্রাস্ট সত্যিই এক মহৎ কাজ করছে। ভাইফোঁটার এই উৎসবের মাধ্যমে তারা বুঝিয়ে দিল, সমাজ এখনও মানবিকতার বন্ধনে বাঁধা।” এই গণ ভাইফোঁটা উৎসব শুধু ধর্মীয় প্রথা পালন নয়, এটি যেন এক বৃহত্তর পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বহু মানুষকে অনুপ্রেরণা জোগাবে, এমনটাই আশা আয়োজকদের।
![]()






