অতৃপ্ত আত্মা
সুপর্ণা দত্ত
আমিই সেই মেয়ে
যার উপস্থিতি জানতে পেরে
এক মায়ের গর্ভপাত করাতে চাও তোমরা
মায়ের প্রাণ সংশয় আছে জেনেও পিছু পা হওনা,
পৃথিবীর আলো দেখার আগেই আমাকে হনন করো।
আমিই সেই মেয়ে
মায়ের গর্ভপাত করাতে না পারলে
নানান কৌশলে গর্ভেই যাকে মারতে চাও
তবুও দশ মাস পরে আমি ভূমিষ্ঠ যদি হই সমহিমায়
চুরি করে অমানবিক ভাবে ফেলে দাও আস্তাকুরে।
আমিই সেই মেয়ে
কোনো সহৃদয় মানুষ শুনতে পায় আমার বাঁচার আর্তনাদ,
আস্তাকুর থেকে আপন পরিচয়ে স্থান দেয় নিজ গৃহে,
শিক্ষা-দীক্ষায় মানুষের মত মানুষ করে গড়ে তুলতে চায়
রেহাই দাওনা সেখানেও,হেনস্থা করো নির্জনে একলা পেয়ে।
আমিই সেই মেয়ে
ঘরে স্থান না দিলেও কদর্য অন্তস্থলে চাও আমাকে পেতে
বয়স দেখোনা আমার নিজ নীচ আকাঙ্খা পূর্ণ করতে
শিশু,কিশোরী,যুবতী বা বৃদ্ধা রেহাই দাওনা কাউকেই
ডান্সার-শিক্ষিকা-নার্স-ডাক্তার নির্যাতিতা আমি সব পেশাতেই।
আমিই সেই মেয়ে
যে অত্যাচারিতা হয়ে চলেছে যুগে যুগে নানা রূপে
কখনও চিতায়,কখনও চুল্লীতে ঝলসে দিয়েছো জীবন্ত
ছিঁড়ে খেয়েছো নরপিশাচের মত নারী মাংস লোভীর দল
ভুলে গিয়ছো যে জঠোর থেকে তোমার জন্ম তিনিও নারী।
আমিই সেই মেয়ে
যুগে যুগে ঘটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখেছি আজ
অতৃপ্ত আত্মা হয়ে জনগণের আন্দোলনে,মিছিলে পা মিলিয়ে চলেছি
প্রতিবাদ করে রাত জাগি, ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়েও পাইনা
হায়রে পুরুষতান্ত্রিক সমাজ বুঝলে না আজও জগতের পালনকর্ত্রী এই মেয়েরাই।
—oooXXooo—
![]()







