নিজস্ব প্রতিবেদন, উত্তর ২৪ পরগনা, ৪ই অক্টোবর, নিউজ ব্যুরো আমার আলো, হিরণ ঘোষাল:
দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আমেজ এখনও জারি। আজ ৪ঠা অক্টোবর, শনিবার, কলকাতার রেড রোডের কার্নিভালের আগেই উত্তর ২৪ পরগনা জেলায় মহাসমারোহে পালিত হল দুর্গাপুজো কার্নিভাল ২০২৫। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে এদিন বারাসাত সহ বসিরহাট, ব্যারাকপুর ও বনগাঁ মহকুমায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উত্তর ২৪ পরগনার বারাসাতে চাঁপাডালি মোড় থেকে শুরু হওয়া কার্নিভাল ছিল বিশেষভাবে নজরকাড়া। বারাসাতের মোট ১৩টি পুজো কমিটি তাদের প্রতিমা ও থিম নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। বাংলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য, মহিলা ঢাকীদের দল এবং আদিবাসী নৃত্যের মতো নানা সাংস্কৃতিক পরিবেশনা কার্নিভালের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়।
এছাড়া বসিরহাটে ১৪টি, ব্যারাকপুরে ১৩টি এবং বনগাঁয় ১১টি পুজো কমিটি তাদের জাঁকজমকপূর্ণ ট্যাবলো নিয়ে একইভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কার্নিভাল উদযাপিত হয়েছে। এরপর বারাসতের শেঠপুকুর ও রথতলার পুকুরে এবং বনগাঁর ইছামতী ঘাটে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হয় এই দিনের উৎসব।

জেলা সদর শহর বারাসাতের কার্নিভালে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া-সহ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও, স্থানীয় বিধায়ক, সাংসদ ও বিভিন্ন স্তরের রাজনৈতিক বিশিষ্টজনদের উপস্থিতি উৎসবের মেজাজকে আরও জোরদার করে। তাঁদের হাত ধরেই জেলার দুর্গাপুজো কার্নিভাল পেয়েছে এক নতুন মাত্রা, যা উৎসবকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করছে।
নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কার্নিভাল উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হয়। চতুর্থ বছরে পদার্পণ করা বারাসাতের এই কার্নিভাল ইতিমধ্যেই ‘সুপারহিট’ তকমা পেয়েছে জনমানসে। এই কার্নিভাল কেবল বিসর্জন নয়, বরং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি, যা জেলার প্রতিটি নাগরিকের মধ্যে উৎসবের আনন্দকে আরও একবার ভাগ করে নেওয়ার সুযোগ করে দিল।
- #উত্তর২৪পরগনাকার্নিভাল
- #বারাসাতকার্নিভাল
- #দুর্গাপূজা২০২৫
- #বাংলারউৎসব
- #MamataBanerjee
- #জেলাকার্নিভাল
- #North24ParganasCarnival
- #BarasatCarnival
- #DurgaPuja2025
- #WestBengalCarnival
- #PujoCarnival
- #BengalCulture
![]()






