মা আসছেন
অনিমেষ চ্যাটার্জী
***********
ঝাপসা ডানায় বৃষ্টি মেখে বর্ষা নিলো বিদায়,
সোনালী রোদ শরৎকে তাই আমন্ত্রণ পাঠায়।
মাঠে মাঠে কাশের সাড়া ঢাকের মুখে বোল,
নীল আকাশে সাদা মেঘের ছুটির কলরোল।
বাজে কাঁসর বাজে বাঁশি ঢাকের তালে তালে,
পদ্মকলি খুশির হাওয়ায় পাপড়ি দিল মেলে।
শাপলা শালুক আনন্দেতে খিলখিলিযে হাসে,
পূজো পূজো গন্ধে মায়ের আগমনী ভাসে।
সবুজ ঘাসে দোলে শিশির লক্ষ্য হীরের ফুল,
শিবজায়ার আসার খবর নির্ঘণ্ট নির্ভুল।
উমা আনতে হিমগিরি পাঠান স্বর্ণ রথে,
শিউলি বিছায় ভালবাসা মায়ের আসার পথে।
আসবে লক্ষ্মী আসবে গনেশ কার্তিক সরস্বতী,
উমা সাথে চালচিত্রে থাকবেন উমাপতি।
সাজছে দেখো ঠাকুর দালান মন্ডপ বারোয়ারি,
খড় কাঠামো উঠলো সেজে ব্যস্ত কুমোর বাড়ি।
শঙ্খ দিয়ে উলু দিয়ে সাজিয়ে বরণডালা,
মঙ্গল ঘট, আলপনাতে সাজছে বোধনতলা।
খোকা খুকুর নতুন জামায় সাজো সাজো রব
খুশির হওয়ায় নবপত্রিকা গাইছে দুর্গা স্তব।
—-oooXXooo—-
![]()







