শারদোৎসব
শ্রী নীলকান্ত মণি
শরৎ আকাশে আলোর সুর
বাজে বেনু কাঁপে হৃদয়-পুর৷
গায় আগমনী পথ বিধুর
অশ্রুত ধ্বনি তোলে সে সুর৷
জাগে থিরিথিরি খুশির ঢেউ
মন ভাবে, বুঝি আসবে কেউ৷
আসতে ফিরে সে লয় সময়
একটি বছর, কম তো নয়
আলোর বেনু সে ভারী তো নয়
তবু কেন সে এতো সময় লয় !
উদগ্রীব মন সয় না তর
খুঁজে চলে তাই সে অবসর৷
শিউলির ডালে কুসুম ভার
পথ খুঁজে দেখা দিলো আবার৷
দীঘি জলে ভাসে পদ্ম ফুল
আলোর নয়ন হাসে আকুল৷
চুপিচুপি ঝরে রাতে শিশির
পাতার বুকে সে স্পর্শ টির
ছিলো অপেক্ষা অতি অধীর
জমে হয় শেষে অশ্রু নীর৷
এলো মহালয়া কাটে আঁধার
আকাশে জেগেছে ও আঁখি কার৷
এলো যে জননী থামলে রথ
হৃদি অনুভবে চিনি সে পথ৷
ভোরের বেতারে গায় সে স্তব
আকাশে বাতাসে রটে সে রব৷
কলরবে জাগে সে জনপদ
শারদোৎসব শারদোৎসব৷
—oooXXooo—
![]()







