একজন মানুষ
প্রজ্ঞা পারিজাত
এই শতাব্দীর মতন আমি
পাথরে মুখ চাপা ,
আলো ঢেকে রেখেছি দু’হাতে
আঙ্গুলের ফাঁক দিয়ে যেটুকু আলো ,
আঁধারের সারা বুক জুড়ে ,
সমস্ত সুশব্দ অভিসারী সড়কে
বিস্ফোরিত শব্দ ভয়ংকর
সারাদিন ভাঙছে
দিন যাপনের পাহাড় ,
শতাব্দীর মতো এই আমি
দেখো , দু’হাতে মেখেছি
রক্তাক্ত মাটি ,
কপালে বিষাক্ত ত্রিশুল ,
আকাশে চূড়ান্ত ব্যাধ আমি
শিকার ধরব
স্বপ্নের সোনালী নক্ষত্র ,
নদীর বুক থেকে তুলে নিই আমি ,
মৃত্যু দুহিতা করপুটে ,
কল্পনায় আগুন দিয়েছি আমি
শতাব্দীর মতন
কিন্তু শতাব্দীর সমান নই তবুও !
আমার পরের এই শতাব্দীর আয়ু ,
মানুষ তখন হঠাৎ একক দিনে
নিজেদের ভূমিকায় নেমে আসবে ;
আসবে ?
আমার পরে শতাব্দীর
এমন দু – একটা সিঁড়িভাঙা দিনে ,
আমাকে বলবে তোমরা কেউ
আমি শতাব্দীর বিষ
কিংবা অমৃত নই ,
আমি শতাব্দীর একজন মানুষ ।।
—oooXXooo—
![]()







