কল্পলোকের বাস্তব এক ছবি
শ্রী নীলকান্ত মনি
মায়ের বাক্সে
জমানো যা থাকে
তা তো কেবল খেলনা-বাটি
কৌতুহলের৷
নেইকো সেথা তোমার আমার
প্রবেশ অধিকার৷ রহস্য তার
হীরা-মাণিক
বিচ্যুতি হীন অটল আলোক দ্যুতি
অলোক উপহার৷ গচ্ছিত রয় কেবল
মায়ের প্রাণের কাছে৷
আরশি খানি তার
কাজের ফাঁকে লুকিয়ে দেখে তারে
আঁকা সে সব ছবি
কল্পনার
আলোয় তাহার দেখা পাওয়াই ভার৷
কল্পনা তার সখী৷
তার সে আঁখি পাখি, যেন সে খঞ্জনা
সুযোগ পেলেই ভাবের দোলে
ঢেউয়ের তালে আপন মনে নাচে৷
উতল হাওয়া বইলে আকাশ পারে
কাছে কিম্ব দূরে
যেখানে থাক
হৃদয় নদী উথাল পাথাল
খোঁজ রাখে সে তোমার আমার
হোক না যতোই হেলা-ফেলার শিকার৷
তরী টি তার পারে যাওয়ার
করে এপার-ওপার৷
দিন রাত্তির নোঙর করাই থাকে
আখর সাজায় স্বপ্ন বাসর যেথা
নদীর বুকের কাছে৷
কয় কথা সে মনে মনে
বুকের ভিতর সংগোপনে থাকি—
কেমন করে দেখায় বলো তাকে৷
আলোয় এলেই পোড়ার-মুখী
কেঁদে ভাসায়
রা কাড়ে না মুখে৷
ভাঙ্গে যদি রহস্য তার
তা তৎক্ষণাৎ
নিমেষ-মধ্যে হারিয়ে যেতে থাকে
কি দরকার৷
বিস্ময় বোধ হারিয়ে গেলে বলো
রহস্য আর রহস্য কি থাকে—৷
সব অবকাশ
ও তার কল্পনার আকাশ
থাক সে ঢাকা কৌতুহলের আবেশ মাখা
সকল দুঃখ সুখে—৷
—oooXXooo—
![]()







