সনাতন ও আমরা সহোদর ভাই
অরবিন্দ নাহা
সনাতন, তুমি কেন এসেছিলে ?
-দুটি খেয়ে -পড়ে বেঁচে থাকতে বাবু ,
জীবনটা ছন্নছাড়া হয়ে গিয়েছিল।
তার ওপর বান এলো
ম্যাজিস্ট্রর সাহেব বললেন,-
“তোদের জন্য ঘর হয়েছে–ওপারে;
তাই একদিন সব ছেড়ে– ছুঁড়ে,
হেঁটে-হেঁটে চলে এলুম ।
সনাতন, এখানে এসে কি পেলে?
তিন দিন ডোল পেলুম বাবু,
কাগজে কাগজে ছবি উঠলো অনেক
কত ভদ্দরলোক আমাদের সঙ্গে
একসাথে বসে কাঁদলো ;
তারপর সব চুপচাপ ।
এখন কুষ্ঠ রোগীর মত ঘেন্না করে,
রাস্তার ধারে চট ঘিরে পড়ে থাকি।
একজনের কাছে ভিক্ষে চাইতে বলল,-
“তোরা এসে আমাদের জ্বালা বারালি
মর না”—
সেই থেকে ভিক্ষে চাইতে লজ্জা হয় বাবু।
সনাতন, তুমি এখন কি করবে?
-মরবো বাবু–মরবো……….
এপার- -ওপার দু’পার ঘুরে দেখলাম,
দেখলাম আমাদের ঘর নেই–
সব লুট হয়ে গেছে
জীবনের সবকিছুতেই বঞ্চনা।
সনাতন, তুমি ওদের চেনো
যারা তোমার আস্ত-মস্ত
সংসারটায় আগুন দিয়েছে ?
না বাবু, চিনি না।
-কিন্তু আমি চিনি সনাতন,–
ওরা অনেকে ছবির ফ্রেমে,-ষ্ট্যাচুতে,
মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা গলায় দিয়ে
জনগণের স্তব-স্তুতি শুনছেন,
আবার অনেকে নিত্য নতুন কার্পেটে
তাকিয়ায় হেলান দিয়ে ভাবছেন
তোমার-আমার আমাদের মত
সকলের চির মুক্তির পথ।
-চিনেও তুমি চুপ থাকবে বাবু ?
তোমার কলম অস্ত্রের কাজ করবে না ?
–শুনলে লজ্জা পাবে
বিস্ময় বোধ করবে
তবু শোন,–
আমিও যে ওদের কাছে
বিক্রি হয়ে গেছি !
—oooXXooo—
![]()






