কলকাতা, ৩০শে জুলাই, ২০২৫, আমার আলো নিউজ ব্যুরো সিনিয়র এডিটর হিরন কুমার ঘোষাল: দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ এক গুরুত্বপূর্ণ সফরে পশ্চিমবঙ্গ আসেন। দিনের শুরুতে তিনি নদীয়ার কল্যাণী অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর সন্ধ্যায় তিনি কলকাতার ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো নিবেদন করেন।
বুধবার সকালে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি সরাসরি কল্যাণী এইমসে পৌঁছান। দুপুর ৩টা নাগাদ এইমসে পৌঁছে তিনি সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন এবং তিন কৃতি ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র ও পদক তুলে দেন। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন হওয়ায় এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কল্যাণীর অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সড়কপথে দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টা নাগাদ তিনি মন্দিরে পৌঁছান। মন্দিরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। রাষ্ট্রপতি মা ভবতারিণীর দর্শন করেন এবং নিজ হাতে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন। এই সময় মায়ের হাত থেকে একটি ফুল গড়িয়ে পড়লে রাষ্ট্রপতি সেটিকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরকে কালী পুজোর রাতের মতো বাহারি আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। নিরাপত্তার কারণে মন্দির চত্বরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং বেলা ১২টার পর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। গঙ্গায় নৌসেনার টহলও ছিল চোখে পড়ার মতো।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাতে রাজভবনে রাত্রিযাপন করবেন। আগামীকাল, ৩১শে জুলাই, তার আরও কিছু কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে কলকাতা ও কল্যাণী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
![]()






