বৃষ্টি নেমেছিল
শ্যামাপ্রসাদ সরকার
মেঘ করে আছে
হয়ত বৃষ্টি নামবে!
আর কি দিয়েছে বৃষ্টি বল
শস্যপূর্ণ মাটি, জলাশয়?
তার চেয়েও বেশী দিয়েছে
অনেক অযত্ন, অপমান, অবহেলা!
সেবারে চুপ্পুস ভিজে কৈশোর,
অনেকের কামনার আগুনে
জ্বলতে জ্বলতে সব শেষে
ধানক্ষেতের মাটিতে শুয়ে
হাত উঁচিয়ে বলেছিল ‘আর না!’
ছাদের জল যখন টুপটাপ
ঘরের ভিতর নেমে আসছিল
পরীক্ষার আগের দিন আচমকা
‘দূর শালা! এভাবে পড়াটাই হয়না’
এই বলে কামাল বেরিয়ে গিয়েছিল অন্ধকারে
আট বছর পর তার মৃতদেহ ওয়াগন ভাঙা
ছেলেদের সাথে ডেডবডি হয়ে ফেরৎ এসেছিল।
বৃষ্টি যেদিন তোমাকে দেবে বলেছিল গৃহস্থী।
রগরগে মাংস কষতে কষতে
এক বৃষ্টিমুখর সন্ধেবেলা মালতী
পাড়ার ছেলেটার সাথে আচমকা চলে গিয়েছিল
সমস্ত রান্নাঘরে সেদিন পোড়া মাংসের গন্ধ উঠছিল।
যে বৃষ্টি তোমাদের সাথে খেলত একসময়
উদ্ভিন্ন যৌবন হিংসে করত বালিকাবয়সীদের
তাদের সবাই আজ ছড়িয়ে ছিটিয়ে গেছে
বাজারে গিয়ে পটলের দাম পাঁচ টাকা অন্তত কমিয়ে আনে।
এইসব ধূলোখেলা, অবাঞ্ছিত যেন
যদি অহেতুক বৃষ্টি নামতে চায় অবেলায়,
শক্ত হাতে ছাতার বাঁট চেপে ধরে হয়ত
তুমিও বলছ, ‘আজকেও পৌঁছতে দেরী হয়ে যাবে!’
—oooXXooo—
![]()







