যদিও পৃথিবী প্রশস্ত
অরবিন্দ নাহা
তোমার জন্মের জন্য
উদ্বিগ্ন আমি
যদিও পৃথিবী প্রশান্ত
হলে কি হবে,—
এ এক বিষময় স্থান
পৃথিবী বড়োই কঠোর
আঘাত পেতে হবে শুধু
তারপর তোমার মৃত্যু হবে
যেমন মৃত্যু হয়েছিল
যারা ছিল অতি ভদ্র –সাহসী
আর ছিল সজ্জন আর ডাকাবুকো
এবং দেশের জন্য বুক চিতিয়ে
দাঁড়িয়েছিল, বিদেশি বুলেটকে
হেলায় অবজ্ঞা করে…..
জেনেছি এই পৃথিবীকে
অতি গভীরের স্তরে স্তরে ।
ভালোবাসায় ধরিত্রীকে করেছি চুম্বন
ঝরেছে রক্ত,
তবু তাকেই সাদরে করেছি গ্রহণ।
পিতৃহীন সন্তানদের অশ্রুপাত শেষে-
তোমার জন্য দিতে হয়েছে অমূল্য দাম
স্বামী, নারীর ভূষণ লজ্জা ।
জানিনা তোমার পিতা কে
বড় হয়ে প্রশ্ন করলে
উত্তর কি দেবো–তাও জানিনা
তবে তুমি প্রশ্ন করার আগে
আমার যেন মৃত্যু হয় !
তোমার জন্য আমার গর্ভ অতি ছোট
মনের দোলাচলে গুনছি কবে
কবে তুমি ভূমিষ্ঠ হবে,
তবুও তোমার জন্যই উদ্ভিগ্ন আমি
যদিও পৃথিবী প্রশস্ত।
****oooXXooo****
![]()







