তারপর
বাবু বিশ্বাস
তারপর তনুর বসন হতে খসে পড়বে ইন্দ্রিয়রা!
আর আমার মায়ায় ঘেরা ব্যর্থ প্রেম গুলি_ নিঃসঙ্গয়__
একে একে ফিরে যাবে শাল তমালের গহীন বনে!
অথচ আমি;কি ভীষণ অবলীলায় হেঁটে বেড়াবো আগুনে
হেঁটে বেড়াবো চিরো-অভ্যস্ত দৃঢ় নগ্ন পায়ে!
বসুধা তুমিতো জানো;সে আগুনে পুড়ে যাবো আমি!
পুড়বে আমার আমিত্ব;
অহংকার,মান অভিমান ত্রিফলার বাসস্থান!
পুড়ে যাবে স্মৃতির বলয় রেখা!
গায়ে মাখা রংধনু,চন্দ্রমল্লিকার বিচ্ছুরিত আলোকশিখা!
সব ইন্দ্রিয় স্বপ্ন বুনতে জানে না,জানে না গল্প হতেও!
তবুওতো স্বপ্ন বুনে ছিলো তারা,খসে যাবার আগে__
দূরে কোনো উড়তে থাকা শঙ্খ চিলের ডানায়!
দিবাকর সাক্ষি থাকুক বা না থাকুক সেদিন অস্ত উদয়ে,
তুমিতো জানবে!একদিন আমিও__
পর্নমোচির পাতায় জাগিয়ে ছিলাম বাঁচার আস্বাদন,
ফুলে ফলে ভরাতে বেঁধে ছিলাম প্রেমের সিংহাসন!
জানি সব হারাবার পরেও,আমি আর আমার ইন্দ্রিয়রা,
ফের চিরচেনা সেই চরৈবতী খেলায় মত্ত হবো,
এই সবুজ তেপান্তরের ধূসর কোনো প্রান্তরে ফিরবো_
কোনো না কোনো বেশে!রূপান্তরের ভগ্ন দশায়!
সেদিন কেউ না চিনলেও___ জানি!
তুমি ঠিক চিনে নেবে আমায়!
যুগ যুগ ধরে তোমার মত করে__
আর কে ই বা ? ভালোবেসেছে আমায়!
—oooXXooo—
![]()







